জুলাই গণঅভ্যুত্থানে আহত ও অংশগ্রহণকারী গেজেটভুক্ত ১৪ হাজার ৩৬৯ জন জুলাই যোদ্ধার মধ্যে ১৩ হাজার ৩৪৪ জনকে মাসিক সম্মানি ভাতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সদস্য রোকেয়া বেগমের প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, জুলাই যোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও ভাতার বিষয়ে সরকারের দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা রয়েছে। আহতদের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী বিদেশে পাঠানো হচ্ছে।
তিনি জানান, এ পর্যন্ত ১৫২ জন জুলাই যোদ্ধাকে থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক ও রাশিয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১০২ জন দেশে ফিরেছেন, আর ৫০ জন এখনো বিদেশে চিকিৎসাধীন।
এ ছাড়া ‘ক’ শ্রেণির যোদ্ধারা মাসে ২০ হাজার, ‘খ’ শ্রেণিরা ১৫ হাজার এবং ‘গ’ শ্রেণিরা ১০ হাজার টাকা ভাতা পাচ্ছেন।

ডেস্ক রিপোর্ট 

























