এবার যুক্তরাজ্যের কেমব্রিজ শহরে বাংলাদেশের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ তার কয়েকজন সহযোগী সাবেক একজন ছাত্রলীগ নেতাকে মারধর করেছেন বলে দেশটির পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় এনসিপি ইউকে অ্যালায়েন্সের এক নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। হাসনাত আবদুল্লাহর কাছেও ঘটনার বিষয়ে পুলিশ জানতে চেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থানীয় সময় শুক্রবার বিকেলে (১৯ জুন) কেমব্রিজ শহরে এ ঘটনা ঘটে। পুলিশের কাছে অভিযোগকারী জুবায়ের আহমেদ বলেছেন, হাসনাত আবদুল্লাহ ও তার সহযোগীরা তার পথ আটকে মারধর করেছেন। তার তলপেটে ছুরিকাঘাতের চেষ্টা করা হয়েছে। তাতে সেখানে হালকা জখম হয়েছে। এ বিষয়ে যুক্তরাজ্যে অবস্থানরত হাসনাত আবদুল্লাহর বক্তব্য পাওয়া যায়নি।
তবে জুবায়েরের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন এনসিপি ইউকে অ্যালায়েন্সের এক নেতা। আর সংগঠনটি শনিবার (২০ জুন) এক বিবৃতিতে বলেছে, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিবাদী সরকারের সমর্থকেরা হাসনাত আবদুল্লাহ এবং তার সফরসঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির পর এবার নতুন নাটক শুরু করেছে। তারা হাসনাত আবদুল্লাহ, এহতেশাম হক, জাকির চৌধুরী, শাহীন আলমসহ আরও কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগকে ‘বেধড়ক পেটানোর’ অভিযোগ এনে থানায় মামলা করেছে। এর মধ্য দিয়ে যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।
এদিকে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, জননিরাপত্তা ও যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে বলেও এনসিপি ইউকে অ্যালায়েন্সের ওই বিবৃতিতে দাবি করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 
























