মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা দুইটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের মুখে পড়েছে ভেনেজুয়েলা। দেশটির বিভিন্ন এলাকায় ভবন ধস ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতিতে এ পর্যন্ত ১৬৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন প্রায় এক হাজার মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে রাজধানী কারাকাসের কাছাকাছি ভূপৃষ্ঠের ১৩ দশমিক ২ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫। বিশ্লেষকদের মতে, দ্বিতীয় ভূমিকম্পটি প্রায় ১০০ মিলিয়ন টন টিএনটি বোমার সমপরিমাণ শক্তি নির্গত করেছে।
শক্তিশালী এ ভূমিকম্পের দুলুনি রাজধানী কারাকাস ছাড়াও মিরান্ডা, লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো ও ফ্যালকন অঙ্গরাজ্যে ব্যাপকভাবে অনুভূত হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারাকাস, মিরান্ডা ও লা গুয়াইরা অঞ্চল। বহু বহুতল ভবন, সেতু ও গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরিস্থিতি মোকাবেলায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে সরকার। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিত ও মৃতদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন। অনেক এলাকায় এখনও বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত রয়েছে।
ভূমিকম্পের পর আতঙ্কে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গা ও সড়কে আশ্রয় নিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ভূমিকম্পের পর থেকে ২০টির বেশি আফটারশক অনুভূত হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েকদিন ৩ থেকে ৫ মাত্রার আফটারশক অব্যাহত থাকতে পারে।
তবে পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা, চিকিৎসা সরঞ্জাম ও উদ্ধারকারী দল পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সহায়তার আশ্বাস দিয়েছে ব্রাজিল, পানামা, ইকুয়েডর, এল সালভাদরসহ লাতিন আমেরিকার আরও কয়েকটি দেশ।
অন্যদিকে, অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এক বার্তায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বলেন, বেশ কয়েকটি অঙ্গরাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের প্রতি আমাদের প্রথম বার্তা হলো, জীবন রক্ষায় ঐক্যবদ্ধ থাকুন।
তিনি আরও বলেন, জনসাধারণের জন্য এটি অত্যন্ত সংবেদনশীল মুহূর্ত। বিশেষ করে যারা দুর্ভাগ্যবশত পরিবারের কোনো সদস্যকে হারিয়েছেন, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। একই সঙ্গে আমরা জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

ডেস্ক রিপোর্ট 


















