পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (২৮ জুন) বিকালে পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী এবং সদস্য সচিব জাকারিয়া আহমেদের অনুমোদনক্রমে বেল্লাল হোসেনকে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এর আগে শনিবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে কলাপাড়া পৌর শহরের সদর রোড এলাকায় হামলার শিকার হন আজকের পত্রিকার কলাপাড়া প্রতিনিধি ও নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন।
ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ওরফে ফাহিম এবং কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন নেতা-কর্মী তাকে একটি মোবাইল ফোনের দোকান থেকে ডেকে বাইরে এনে মারধর করেন। প্রাণ বাঁচাতে তিনি দোকানের ভেতরে আশ্রয় নিলেও সেখান থেকে টেনে বের করে আবারও হামলা চালানো হয়।
এ হামলায় মোয়াজ্জেম হোসেনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর কলাপাড়া প্রেস ক্লাব, মহিপুর প্রেস ক্লাব, কুয়াকাটা প্রেস ক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম এবং কলাপাড়া সাংবাদিক ইউনিয়ন পৃথক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
সংগঠনগুলো দ্রুত হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

ডেস্ক রিপোর্ট 


















