নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ১০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ। নেপালের চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে এই অর্থ ব্যয় হবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে লেখা একটি চিঠি হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় তাকে বাংলাদেশের আর্থিক সহায়তার বিষয়টিও অবহিত করা হয়।
বাংলাদেশের এই অনুদান নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে। ২৬ আগস্ট কোশি নদীতে ভয়াবহ বন্যার পর নেপালের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। রাসুয়া, নুয়াকোট, ধাদিং ও গোরখাসহ নদীতীরবর্তী এলাকাগুলোতে প্রাণহানি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নেপাল সরকার এখনও নিখোঁজদের সন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন দেশ ও সংস্থা উদ্ধারকাজে সহায়তা দিচ্ছে।
এর আগে গত ১ সেপ্টেম্বর ঢাকায় নেপাল দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন হুমায়ুন কবির। নেপালের এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে বাংলাদেশের সংহতি ও সমবেদনা জানান তিনি। এ ছাড়া গত ২৭ আগস্ট নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় জাতীয় সংসদে একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

ডেস্ক রিপোর্ট 


















