জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদ নেতাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জ মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম ভূঁইয়ার বাহিনী ও স্থানীয় বিএনপি নেতা মোস্তফা মেম্বার এবং মোহাম্মদ আলীর লোকজকনের মধ্যে মারামারির এ ঘটনা ঘটে বৃহস্পতিবার দুপুরে।
এ ঘটনায় উভয় গ্রুপের ১০ জন আহত হয়েছেন। এ ব্যাপারে বিএনপিপন্থি গ্রুপ থানায় অভিযোগ দিলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত গণঅধিকার পরিষদ গ্রুপ থানায় কোনো অভিযোগ দেয়নি।
বিএনপিপন্থিদের অভিযোগ, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার জনৈক সফিউদ্দিন মিয়া ও সুমন আহম্মেদের ৬০ শতাংশ জমি শফিকুল ইসলাম, মোস্তফা কামাল, সুবেদ আলী, শহীদুল্লাহ, মোহাম্মদ আলী, জাকির হোসাইন সম্মিলিতভাবে রেজিস্ট্রি বায়নায় ক্রয় করেন। বৃহস্পতিবার দুপুরে গণঅধিকার পরিষদ নেতা আরিফুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে তার বাহিনী দেশীয় অস্ত্রসহ জোরপূর্বক অবৈধভাবে ভুক্তভোগীদের জমিতে সাইনবোর্ড স্থাপনের চেষ্টা করলে তারা ঘটনাস্থলে গিয়ে বাধা প্রদান করেন। এ সময় অভিযুক্তরা তাদের ওপর পরিকল্পিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। আশঙ্কাজনক অবস্থায় আহতরা নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে চিকিৎসা নেন।
নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী বলেন, আমরা কয়েকজন মিলে একটি জমি এক কোটি ত্রিশ লাখ টাকায় বায়না রেজিস্ট্রি সূত্রে মালিক হয়ে ভোগ-দখলে আছি। হঠাৎ গণঅধিকার পরিষদ নেতা আরিফুল ও তার দুই ভাইসহ অন্তত ১০-১২ জন মিলে আমাদের জমিতে সাইনবোর্ড স্থাপনের চেষ্টা করেন। এতে বাধা প্রদান করায় তারা শফিকুল ইসলাম, নবির হোসেন ও রাজা মিয়ার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেন।
অপরদিকে নারায়ণগঞ্জ মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম ভূঁইয়া জানান, আমরা জমির মূল ওয়ারিশ থেকে ৪৫ শতাংশ জমি বায়না করি; কিন্তু উনারা গিয়াসউদ্দিনের (নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি) আমলে তার প্রভাব খাটিয়ে আমাদের বায়না করা জমিসহ ৬০ শতাংশ জমি অবৈধভাবে বায়না করে এবং ভূমি অফিসে টাকা দিয়ে আমাদের মিউটেশন ক্যানসেল করে দেয়। এতে আমরা মিসকেস করলে আজ বৃহস্পতিবার দুপুরে ভূমি অফিস থেকে তদন্ত আসে। আমরা সেখানে গেলে তারা পূর্বপরিকল্পিতভাবে রড, লাঠিসোটা নিয়ে আমাদের লোকজনের ওপর হামলা করে। এ সময় আমাদের সজীব ও শাহীনসহ ৬-৭ জন আহত হন। এ ব্যাপারে আমরা থানায় অভিযোগ দিতে যাব।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক জাকিরুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। জমিসংক্রান্ত বিষয়ে তাদের দ্বন্দ্ব হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডেস্ক রিপোর্ট 


















