এবার বাকস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেই সাইবার আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে মাদক, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইন–শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মির্জা কাওছার আজিজের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
আইনমন্ত্রী বলেন, ফ্রিডম অব এক্সপ্রেশন, ফ্রিডম অব স্পিচ ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে ইয়েলো জার্নালিজম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের চরিত্রহননের চেষ্টাও নিয়ন্ত্রণে আনতে হবে। এ লক্ষ্যে সাইবার আইন সংশোধনের প্রস্তাব নিয়ে জনপরামর্শ করা হচ্ছে। ইতোমধ্যে জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সঙ্গে আলোচনা হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মতামতও নেওয়া হচ্ছে। মাদক প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ থেকে বিভিন্নভাবে মাদকের চালান আসছে। এমনকি ড্রোন ব্যবহার করে সীমান্তের ওপার থেকে মাদক পাঠানোর তথ্যও পাওয়া যাচ্ছে। মাদক ও জুয়া নিয়ন্ত্রণে কঠোর আইন করা হয়েছে বলেও জানান তিনি।
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজির বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। তবে মিথ্যা অভিযোগের বিষয়টিও প্রশাসনকে যাচাই–বাছাই করে দেখতে হবে। দুর্নীতি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, দুর্নীতি শুধু আর্থিক নয়, বুদ্ধিবৃত্তিক দুর্নীতিও রয়েছে। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে এই দুই ধরনের দুর্নীতির পথ বন্ধ করতে হবে। প্রতিহিংসাপরায়ণ না হয়ে সুশাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে শিক্ষা ও শিক্ষাসংশ্লিষ্ট কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন আইনমন্ত্রী। পাশাপাশি দেশের চিকিৎসা ও বিদ্যুৎ খাতসহ দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারের বিভিন্ন কর্মসূচি রয়েছে বলেও জানান তিনি।
সভায় সাতক্ষীরা–১ আসনের সংসদ সদস্য ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা–২ আসনের আব্দুল খালেক, সাতক্ষীরা–৩ আসনের রবিউল বাশার, সাতক্ষীরা–১, ২, ৩ ও ৪ আসনের দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেন, খুলনা রেঞ্জ ডিআইজি মনিরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, বিজিবি ও র্যাবের অধিনায়ক, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, প্রেসক্লাবের প্রতিনিধি, সুশীল সমাজ ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ৯টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলা ও দায়রা জজ নজরুল ইসলামের সভাপতিত্বে জেলা পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী। এদিকে সফরের শেষ কর্মসূচি হিসেবে বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে আইনমন্ত্রীর।

ডেস্ক রিপোর্ট 


















