দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো অসুস্থ– এ কারণে তাকে সংবাদ সম্মেলন বা প্রকাশ্যে দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ভারতে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য ও তার প্রকাশ্যে না আসার প্রসঙ্গে সম্প্রতি ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল, উনি (শেখ হাসিনা) কেন অডিওতে যুক্ত হচ্ছেন, ভিডিওতে হচ্ছেন না। সশরীরে আসছেন না। জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয়, উনি (শেখ হাসিনা) হয়তো একটু অসুস্থ। এটা দেখলে হয়তো তার সমর্থকরা ডিমোরালাইজড (মনোবল হারিয়ে ফেলবেন) হবেন। এটা ছাড়া আমি কোনো কারণ দেখছি না।’
তাকে বন্দি করে রাখা হয়েছে কিনা, এ কারণে হয়তো প্রকাশ্যে আসতে পারছেন না— এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, তাকে (শেখ হাসিনা) বন্দি করার কথা নয়। টকশোতে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রাখার বিষয়েও কথা বলেন ড. আসিফ নজরুল। তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম অব্যাহত থাকলে রাজনৈতিক অস্থিতিশীলতা ও সামাজিক নিরাপত্তাহীনতা তৈরি হওয়ার আশঙ্কা ছিল।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা ও পর্যালোচনার পর তাদের (অন্তর্বর্তী সরকার) মনে হয়েছিল, বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঠেকানো, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মানুষের স্বস্তি ও সামাজিক নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রাখা উচিত।

ডেস্ক রিপোর্ট 





















