জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ সোমবার বিকেলে রাজধানীর মিরপুরে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বললেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যেই পর্যায়ে যাওয়ার কথা ছিল, সেই পর্যায়ে যেতে পারেনি। বরং সমাজে অনেক বঞ্চনা ও হাহাকার, বিশৃঙ্খলা, বৈষম্য, মানুষের সম্মান, সম্পদ এবং জীবনের ওপর আঘাত অহরহ ঘটেই চলেছে।
ডা. শফিকুর রহমান বলেন, আজ যাদের হাতে চেক তুলে দিচ্ছি, তারা বয়সে অনেক ছোট। একদিন তারা বড় হবে। আশা করছি, এ শিক্ষার্থীরা তাদের মেধা দিয়ে একদিন জাতিকে নেতৃত্ব দেবে এবং সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় যাবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা যদি এখন থেকে মেধা ও মনন এবং দক্ষতা ও নৈতিকতার সঙ্গে নিজেকে গড়ে তুলতে পার, যদি মানুষ ও আল্লাহকে ভালোবাসতে পারো তাহলে তোমাদের দ্বারা আগামীর সুন্দর সমাজ আমরা প্রত্যাশা করি। তোমাদের মেধা বিকাশে রাষ্ট্রকে এবং আমরা যারা রাজনীতি করি তাদের দায়িত্ব নিতে হবে।
তিনি বলেন, স্কুলে পর্যাপ্ত মানসম্মত শিক্ষা না পাওয়ার কারণে মেধা থাকা সত্ত্বেও অনেক সময় মেধাগুলো ঝড়ে পড়ে। দেশ ও রাষ্ট্রকে শিক্ষার্থীদের মেধাবিকাশের পূর্ণ দায়িত্ব নিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা চাই শিক্ষকরা হবেন আমাদের শিক্ষার্থীদের পিতামাতার বিকল্প। শিক্ষার্থীদের মানুষ করার জন্য তারা হবেন কারিগর। আমাদের কারিকুলাম, শিক্ষক, শিক্ষাব্যবস্থা, পরিবেশ আমাদের ফিরিয়ে আনতে হবে। আমরা শিক্ষার ক্ষেত্রে সব হারিয়ে এখন সর্বহারা জাতি হয়েছি। সুন্দর আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীরা নিজেদেরকে তৈরি করতে হবে।
জামায়াতের আমির বলেন, শিক্ষার্থীদের মেধায়, যোগ্যতায় এবং চরিত্রবান হিসেবে গড়ে উঠতে হবে। আমরা শিক্ষার্থীদের পাশে থাকব। আমরা চাই সৎ, দক্ষ ও বুদ্ধিমান নাগরিকদের হাতে আগামীর বাংলাদেশটা উঠে যাক।

ডেস্ক রিপোর্ট 


















