আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’স্টুডিওতে অবৈধভাবে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
পুলিশের আবেদনের প্রেক্ষিতে রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এসব আদেশ দেন। এছাড়া পাঁচ দিনের রিমান্ড আবেদনের উপর শুনানির জন্য বুধবার দিন ধার্য করা হয়েছে।
কারাগারে পাঠানো আসামিরা হলেন- মো. মামুন (৩২), মো. আসলাম (২৪) এবং মুন্না (২৯)।
মামলাটির তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার ইন্সপেক্টর সুব্রত দেবনাথ আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়েছিলেন। আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছেন।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক তারিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশের আবেদন সুত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করেন। মামলাটির প্রাথমিক তদন্তে এজাহার নামীয় আসামিসহ পলাতক আসামিদের বিরুদ্ধে বাদীর অভিযোগ সত্য বলে প্রমান পাওয়া গেছে। মামলার তদন্ত চলমান। এমতাবস্থায় মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে জিজ্ঞেসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ড প্রয়োজন।

ডেস্ক রিপোর্ট 


















