কুষ্টিয়ায় ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ভূমিকার সমালোচনা করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে সন্ত্রাস, নাশকতা ও চাঁদাবাজি প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার প্রতিবাদে কুষ্টিয়া জেলা জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আমির হামজা বলেন, দেশের বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। কুষ্টিয়াও এর বাইরে নয়। জেলা কারাগারের সামনে ককটেল বিস্ফোরণ এবং পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতার দায় নিতে না হয়, সে বিষয়ে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। ফ্যাসিস্টদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী সংসদে যে ঘোষণা দিয়েছেন, তার বাস্তবায়ন দেখতে চান তারা। তবে কুষ্টিয়ায় এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

জামায়াতের এই সংসদ সদস্য অভিযোগ করেন, কুষ্টিয়ায় ফ্যাসিস্টদের সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। গত রাতের হামলায় দলটির কয়েকজন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হামলায় চাপাতি দিয়ে কোপানো এবং গুলি চালানোর অভিযোগও করেন তিনি। এ সময় প্রায় ৫০ থেকে ৬০ রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে দাবি করেন আমির হামজা।