হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ ঘিরে তৈরি হয়েছে আলোচনা। তবে ঘটনাস্থল পরিদর্শন করে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পায়নি পুলিশ। তাদের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামে এ ঘটনা ঘটে। মাহদী হাসান ফেসবুক লাইভে এসে দাবি করেন, তাদের বসতঘর লক্ষ্য করে দুটি এবং তার চাচার ঘরের বৈদ্যুতিক মিটার লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে মিটারটি পুড়ে যায়।
তবে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক জানান, পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি। ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়ার কাজে ব্যবহৃত বৈদ্যুতিক মিটারে শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

