কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রীর গাড়ি আটকে তুলে নিয়ে যাওয়া সেই নববধূর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল সোমবার রাতে ছড়ানো ভিডিওটি কখন, কোথায় ও কীভাবে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওতে ওই নববধূকে একটি কক্ষে বসে কথা বলতে দেখা যায়। এ সময় তাঁর দুই পাশে কয়েকজন নারী বসা ছিলেন। এ ছাড়া ভিডিওতে একই কক্ষের দরজায় তুলে নিয়ে যাওয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকেও দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ভিডিওতে নববধূকে বলতে শোনা যায়, ‘আমি যেমনেই আইছি, জোর কইরা হোক, নিজের ইচ্ছায় হোক, যেমনেই হোক, আইছি তো আইছিই। এহন যদি যাইগাও, গেলেও তো আমার মান-সম্মান ফিরা আইতো না, আমার বাপ-মার মান-সম্মানও ফিরা আইতো না। গেইলেও কোনো লাভ নাই। আমি আইছি, এনেই থাকবাম।’
এর আগে গত রোববার রাতে হোসেনপুরে বরযাত্রীর মাইক্রোবাস আটকে ওই নববধূকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। এ সময় মাইক্রোবাসটিতে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় বরপক্ষ হোসেনপুর থানায় একটি লিখিত অভিযোগ দেয়।
ওই ঘটনার পর অভিযুক্ত যুবক নিজের ফেসবুক আইডিতে লেখেন, ‘জীবনে আর কিছু চাওয়ার নাই..!’ এর মধ্যেই গতকাল রাতে ওই নববধূর ভিডিও বার্তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যদিও ওই তরুণী এখন কোথায় আছেন, তিনি স্বেচ্ছায় ভিডিও বার্তা দিয়েছেন কি না, সেটা স্পষ্ট নয়। এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত যুবকের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও সেটা বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মেয়ের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে বরপক্ষ একটি অভিযোগ দিয়েছিল। গতকাল রাতে মেয়েটি ভিডিও বার্তায় নিজের মত জানিয়েছেন। বিষয়টি তাদের নজরে আছে। কেউ মামলা করলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ডেস্ক রিপোর্ট 


















