নারীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে চালু করা বিআরটিসির বিশেষায়িত পিঙ্ক বাস সার্ভিস শুরুতেই পড়েছে যাত্রীসংকটে। ঢাকাসহ তিন শহরে ১৪টি বাস নিয়ে চালু হওয়া এ সেবা থেকে গত আড়াই মাসে সরকারের লোকসান হয়েছে ২৭ লাখ ৮৭ হাজার টাকার বেশি। যাত্রী কম থাকায় দিনের অধিকাংশ সময়ই বাসগুলো পড়ে থাকছে ডিপোতে।
কর্মদিবসে অফিস ছুটির সময় মতিঝিল-আব্দুল্লাহপুর রুটের একটি বাসে যাত্রী পাওয়া গেছে মাত্র চার থেকে পাঁচজন। সকালে নির্দিষ্ট কয়েকটি স্টপেজ থেকে যাত্রী নিয়ে বাসগুলো চলাচল করলেও দিনের বাকি সময় সেগুলো কার্যত অলস পড়ে থাকছে।
বিআরটিসির হিসাব অনুযায়ী, টিকিট বিক্রি থেকে পাওয়া আয় থেকে জ্বালানি, টোল, কর্মীদের বেতন ও আনুষঙ্গিক ব্যয় বাদ দিয়ে ১৪টি বাসে গত আড়াই মাসে লোকসান হয়েছে ২৭ লাখ ৮৭ হাজার টাকার বেশি। মাসে গড়ে লোকসানের পরিমাণ প্রায় ১১ লাখ ৩০ হাজার টাকা।
বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর জানিয়েছেন, দিনের অন্যান্য সময়ে নারী যাত্রী পাওয়া কঠিন হয়ে পড়ছে। বর্তমানে বাসগুলো থেকে দৈনিক আয় হচ্ছে ৫০ থেকে ৫১ হাজার টাকা। বিপরীতে দৈনিক ব্যয় এক লাখ টাকারও বেশি। ফলে অধিকাংশ বাস পরিচালনায় সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে। তবে সার্কুলার পথে সারা দিন বাস চালানো সম্ভব হলে যাত্রী ও আয়—দুটিই বাড়বে বলে আশা করছেন তিনি।
বাস সার্ভিসটির প্রচারণার ঘাটতির কথাও স্বীকার করেছেন বিআরটিসির চেয়ারম্যান। তিনি জানান, আগামী মার্চে বহরে যুক্ত হবে ৫০টি অত্যাধুনিক বৈদ্যুতিক বাস। একই সময়ে সাধারণ যাত্রীদের জন্য আরও ৫০টি বাস আসার কথা রয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো পৌঁছালে কয়েক দিন পরীক্ষামূলকভাবে চালানোর পর ১ মার্চ থেকে নতুন সেবা চালুর পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, যোগাযোগ বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু নারীদের জন্য বিশেষ বাস চালুর পরিবর্তে সামগ্রিক গণপরিবহনে নারীদের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করা বেশি জরুরি।
যোগাযোগ বিশেষজ্ঞ কাজী সাইমুন নেওয়াজের মতে, বাসগুলো সবার জন্য নিরাপদ ও ব্যবহার উপযোগী করা গেলে নারী-পুরুষ নির্বিশেষে সব যাত্রীই উপকৃত হবেন। এতে যাত্রীসংখ্যা বাড়ার পাশাপাশি পরিবহন পরিচালনায় লাভের সম্ভাবনাও তৈরি হবে। শুধু নারীদের জন্য বাস চালু রাখলে দিনের নির্দিষ্ট সময়ে যাত্রী পাওয়া গেলেও অন্য সময় বাসগুলো ফাঁকা থাকার আশঙ্কা থেকেই যাবে।
প্রশ্ন উঠছে, নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার উদ্যোগটি কি পরিচালনাগত সীমাবদ্ধতা ও প্রচারণার অভাবে মুখ থুবড়ে পড়ছে, নাকি গণপরিবহনে নিরাপত্তা নিশ্চিত করার কৌশলেই পরিবর্তন আনা প্রয়োজন?

