একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে জামায়াতে ইসলামিকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।

শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, তৎকালীন সরকারের কাছ থেকেও জামায়াত নানা সুবিধা পেয়েছিল। জামায়াতের অনেক শীর্ষ নেতা একসময় জাসদ ও গলাকাটা পার্টির সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ করেন তিনি।

আলাল বলেন, “৫ আগস্টের পর থেকে শিবিরের অনেক সদস্য ছাত্রলীগের ভেতর থেকে বের হয়েছে, আর এখন তারা বলছে—তারা প্রকাশ্যেই ছিল। জামায়াত এখন রূপ বদলাতে শুরু করেছে। তারা হিন্দু সম্প্রদায়কে নিয়ে সমাবেশ করছে, যাতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। কারণ, বিএনপি এখন এমন এক অর্জুন গাছের ছালের মতো—যার যখন প্রয়োজন, কেটে নিয়ে যায়।”

দেশ বর্তমানে “বহুরূপীদের খপ্পরে” পড়েছে উল্লেখ করে আলাল বলেন, বিএনপির এখন করণীয় ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা।

একাত্তরের হত্যাযজ্ঞের দায়ে জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ আর প্রতারণা দেখতে চায় না।”