আমাদের জুলাই সনদের প্রয়োজন নেই, এখন প্রয়োজন এমন একটি সংসদ—যারা প্রকৃত অর্থে গণতন্ত্রকে বাস্তবায়ন করবে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
শনিবার (১ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মেজর (অব.) হাফিজ বলেন, “এই সরকার কোথাও মুক্তিযুদ্ধের কথা বলে না। একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা চলছে। অনেক ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এই সংগ্রামের সঙ্গে অন্য কোনো আন্দোলনের তুলনা হয় না। এই দেশের জন্মই হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে।”
তিনি আরও বলেন, “আজ ক্ষমতায় যাওয়ার লোভে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র করছে। যদি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের চেষ্টা হয়, তবে তাদের প্রতিহত করা হবে।”
বিএনপির এই সিনিয়র নেতা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব দেশপ্রেমিক নাগরিককে গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

