মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান রিপন পাটোয়ারীর ছোট বোন জামাইয়ের বাড়ি থেকে তিন বালতি ভর্তি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।

রবিবার (২ নভেম্বর) বিকালে মোল্লাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিপন পাটোয়ারীর ছোট বোন সেলিনা আক্তারের স্বামী দেলোয়ার বেপারীর ভাড়াটিয়া আনোয়ার হোসেনের দোচালা টিনের বসতঘরে অভিযান চালিয়ে ৪০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে যৌথ বাহিনী।

এ সময় ককটেল তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত অন্তত ১০০টি জর্দার খালি কৌটাও জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে চর ডুমুরিয়ার মৃত আবুল কাশেমের ছেলে ও রিপন পাটোয়ারীর ভাগ্নে জামাই মো. হাসান বেপারীকে গ্রেফতার করে পুলিশ।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম জানান, সহিংসতা সৃষ্টির উদ্দেশ্যে এসব ককটেল তৈরি ও মজুদ করা হয়েছিল। স্থানীয়রা বসতঘরের পাশে ড্রেনে লুকানো বালতি দেখে পুলিশে খবর দেয়। পরে সেনাবাহিনীর ১৯ বীরের একটি দল ও সদর ক্যাম্পের পুলিশ অভিযান চালিয়ে তিন বালতি ককটেল এবং ৯৫টি জর্দার কৌটা উদ্ধার করে।

উদ্ধারকৃত সব বিস্ফোরক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।