বলিউড সুপারস্টার শাহরুখ খানের সহ-মালিকানাধীন নাইট রাইডার্স গ্রুপ এবার গড়েছে নতুন এক মাইলফলক। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে প্রতিষ্ঠানটি।
নিজ দেশের বাইরে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ ও পরিচালনাকারী প্রথম বৈশ্বিক ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি হিসেবে স্বীকৃতি পেয়েছে নাইট রাইডার্স গ্রুপ। নতুন এই ভেন্যুতেই প্রথমবার অনুষ্ঠিত হয়েছে মেজর লিগ ক্রিকেটের ম্যাচ। উদ্বোধনী লড়াইয়ে মুখোমুখি হয় লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ও ওয়াশিংটন ফ্রিডম।
শুধু ম্যাচ আয়োজন নয়, লস অ্যাঞ্জেলেসে ক্রিকেটের স্থায়ী ভিত্তি গড়ে তোলার লক্ষ্যেই নির্মাণ করা হয়েছে আধুনিক এই স্টেডিয়াম। এখানে রয়েছে মূল স্কয়ারে আটটি উইকেট, আইসিসির মানদণ্ড অনুযায়ী মাঠের পরিমাপ এবং ১২০ ফুট উচ্চতার ছয়টি ফ্লাডলাইট টাওয়ার। স্টেডিয়াম নির্মাণে স্থানান্তর করা হয়েছে ৩২ হাজার মেট্রিক টনেরও বেশি মাটি।
স্টেডিয়াম উদ্বোধন উপলক্ষে শাহরুখ খান বলেন, একসময় যা ছিল স্বপ্ন, আজ তা বাস্তবে রূপ নিয়েছে। বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলাকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসা একটি ঐতিহাসিক মুহূর্ত। তার ভাষায়, এটি শুধু ক্রিকেটের ভেন্যু নয়, বরং বিনোদন, পরিবার ও স্মরণীয় মুহূর্ত তৈরির একটি কেন্দ্র হয়ে উঠবে।
নাইট রাইডার্স স্পোর্টসের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোরের মতে, এই স্টেডিয়াম শুধু একটি অবকাঠামো নয়, বরং বিশ্বজুড়ে ক্রিকেটের বিস্তারে তাদের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতীক।
উদ্বোধনী ম্যাচের আনুষ্ঠানিক প্রথম বল করেন যুক্তরাষ্ট্রের এনবিএ কিংবদন্তি মেটা ওয়ার্ল্ড পিস। তার উপস্থিতিকে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধির ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
১ থেকে ৫ জুলাই পর্যন্ত এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে মেজর লিগ ক্রিকেটের একাধিক ম্যাচ। বর্তমানে নাইট রাইডার্স গ্রুপের অধীনে তিন মহাদেশে চারটি পেশাদার ক্রিকেট দল রয়েছে। পাশাপাশি, নাইট রাইডার্স একাডেমির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে তরুণ ক্রিকেটারদের প্রশিক্ষণ কার্যক্রমও পরিচালনা করছে।

ডেস্ক রিপোর্ট 























