ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে কটূক্তি করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) যুবদল নেতা কাজী মুকিতুজ্জামান বাদী হয়ে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার আবেদনে বলা হয়, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর থেকে আসামি নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি ও এর নেতাকর্মীদের সুনাম ক্ষুণ্ণ ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, গত ১ নভেম্বর এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী এক বক্তব্যে বলেন—

“জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুন্ডামি করছে, ঢাকা মহানগরের একজন নেতা আছে নয়ন, ও একা যে পরিমাণ চাঁদাবাজি করেছে এবং দুর্নীতি করেছে, এ টাকা দিয়েও বাংলাদেশে একটা গণভোট সম্ভব। আমরা উনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি, উনাদের মাথা ক্লিন হয় নাই, বডিও ক্লিন হয় নাই, এখন আমার মনে হয় উনাদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে।”

বাদীর অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর এমন বক্তব্যে বিএনপি ও যুবদলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং বিষয়টি মানহানিকর।