আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত তালিকা অনুযায়ী, নেত্রকোণা-৪ আসন থেকে সংসদ সদস্য পদে লড়বেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে প্রার্থী হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আর বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এছাড়া ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিরাজগঞ্জ-২ আসনে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন এবং ঢাকা-৮ আসন থেকে লড়বেন মির্জা আব্বাস।