প্রচারের উত্তাপে যখন নির্বাচনি মাঠে বাড়ছে প্রতিযোগিতা ও বাকযুদ্ধ, ঠিক তখনই মেহেরপুরের রাজনীতিতে দেখা গেল এক প্রশান্তিময় দৃশ্য। প্রতিদ্বন্দ্বিতার মাঝেও সৌহার্দ্য ও রাজনৈতিক শালীনতার অনন্য উদাহরণ স্থাপন করলেন মেহেরপুর-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী তাজউদ্দীন খান ও বিএনপির প্রার্থী মাসুদ অরুণ।
সোমবার (৩ নভেম্বর) রাতে তাজউদ্দীন খান বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ অরুণকে ফোন করে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। নির্বাচনি প্রতিদ্বন্দ্বী হয়েও এমন সহমর্মিতা রাজনৈতিক অঙ্গনে এনে দিয়েছে এক বিরল ইতিবাচক সাড়া।
জানা গেছে, ফোনালাপে দুই প্রার্থীই মেহেরপুরের উন্নয়ন ও শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, নির্বাচনি প্রতিযোগিতায় মতের ভিন্নতা থাকলেও সেটি থেকে কোনো শত্রুতা বা বিভাজন তৈরি হবে না।
মেহেরপুরের সচেতন রাজনৈতিক মহল ও সাধারণ ভোটাররা ঘটনাটিকে স্বাগত জানিয়েছেন। অনেকেই বলেছেন, এমন ভদ্র ও সৌহার্দ্যমূলক আচরণই হতে পারে পরিপক্ব ও দায়িত্বশীল রাজনীতির সত্যিকারের রূপ।

