দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, হানাহানি ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ডের চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন— সেচ্ছাসেবক দলের সীতাকুণ্ড উপজেলা সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন, এবং যুবদলের সোনাইছড়ী ইউনিয়নের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যার পর তারা দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সীতাকুণ্ডের কদমরসুল, ভাটিয়ারী বাজার ও জলিল গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, সহিংসতা ও হানাহানির মতো কর্মকাণ্ডে লিপ্ত হন।
এজন্য তাদেরকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, বহিষ্কৃত চারজনই বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

