ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। রাজধানীর গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এদিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বেশ সক্রিয়ভাবে নির্বাচনী গণসংযোগ চালিয়ে গেলেও সম্ভাব্য তালিকায় তার নাম স্থান পায়নি। মাগুরা-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর নাম।

তবুও বিষয়টি ধৈর্য ও দলীয় শৃঙ্খলার সঙ্গে মেনে নিয়ে নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে দলের প্রতি আস্থা প্রকাশ করেছেন। নিজের ফেসবুক আইডিতে তিনি লেখেন,

“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা অনুযায়ী মাগুরা-২ সংসদীয় আসনে বিএনপির সব পর্যায়ের নেতৃবৃন্দকে সংঘাত এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছি। কেউ বিশৃঙ্খলা করে ধানের শীষের ক্ষতি করবেন না, ধানের শীষ আমাদের অস্তিত্ব।”

জেলা থেকে ওয়ার্ড পর্যন্ত সংগঠন পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখা নয়ন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে জনপ্রিয়। বিগত সরকারের সময় তিনি রাজনৈতিক নির্যাতনের শিকার হলেও সাহসী নেতৃত্ব ও দলীয় ত্যাগের জন্য দলের তরুণ কর্মীদের মধ্যে অনুপ্রেরণার প্রতীক হিসেবে পরিচিত।

মাগুরার মোহাম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের আক্কাস শেখের ছেলে রবিউল ইসলাম নয়ন ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ৪৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক থেকে ধাপে ধাপে উঠে আসেন মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব পদে।