কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থকরা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন। বুধবার (৫ নভেম্বর) বিকেলে নাঙ্গলকোট রেলস্টেশনে তারা এ কর্মসূচি পালন করেন।
বিক্ষুব্ধ সমর্থকরা রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে স্লোগান দেন এবং বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান। এ সময় লাকসামে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ও হাসানপুর স্টেশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর গোধূলী এক্সপ্রেসসহ একাধিক ট্রেন আটকা পড়ে।
উল্লেখ্য, কুমিল্লা-১০ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া। কিন্তু একই আসনে দীর্ঘদিন দলের হয়ে কাজ করা কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
বিএনপি নেতা মো. ইউসুফ মজুমদার বলেন, “মোবাশ্বের আলম ভাই কুমিল্লার নাঙ্গলকোট ও লালমাই অঞ্চলে দীর্ঘদিন ধরে বিএনপির জন্য নিবেদিতভাবে কাজ করেছেন। তার সমর্থকরা ভেবেছিলেন, তিনি মনোনয়ন পাবেন। কিন্তু পরিবর্তন হওয়ায় তারা ক্ষুব্ধ হয়েছেন। আমরা চাই, কেন্দ্রীয় বিএনপি সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করুক।”
একইভাবে যুবদল কর্মী সোহাগ হাসান জানান, “মনোনয়ন না পাওয়ায় আমরা দুঃখিত ও ক্ষুব্ধ। আমাদের দাবি, মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন দেওয়া হোক।”
রেলস্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, “বিএনপি নেতাকর্মীদের রেলপথ অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। সাগরিকা ও মহানগর গোধূলীসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা আছে।”
চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রেলপথে মোতায়েন রয়েছে বলে জানা গেছে।

