জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি ও জামায়াতের মধ্যে চলমান মল্ল যুদ্ধ ও মারামারি বন্ধে দুই দলকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “রাজনীতির নামে রাস্তায় মারামারি দেখতে চাই না। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে বসতে পারে না, এজন্যই সরকার জনগণকে বোঝাচ্ছে যে দলগুলো নিজেদের আলোচনার টেবিলে বসাতে ব্যর্থ।”
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, গত ছয় মাস ধরে সরকার দলগুলোকে আলোচনার টেবিলে বসিয়েছিল, কিন্তু পরে তা ‘প্রতারণার টেবিল’ হিসেবে বলা হয়েছে। তাই রাজনৈতিক দলগুলোর এই সংস্কৃতিটা বন্ধ করা উচিত।
এনসিপি ইতোমধ্যেই গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, জাতীয় নাগরিক পার্টি ও গণঅধিকার পরিষদসহ নয়টি দলের সঙ্গে আলোচনা করে দুই প্রধান দলকে এক টেবিলে বসানোর চেষ্টা শুরু করেছে।
সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 





















