এবার ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার ভাইয়ের শিশুসন্তানের ওপর হামলার অভিযোগে তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। একই সঙ্গে জুলাই আন্দোলনে ছাত্র–জনতার পক্ষে অবস্থান নেওয়া শিল্পী ও সংস্কৃতিকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার এক স্ট্যাটাসে সাদিক কায়েম বলেন, ‘ইতালির ভেনিসে আজমেরী হক বাঁধন ও তার ভাইয়ের বাচ্চা শিশুর ওপর খুনি আওয়ামী লীগের সন্ত্রাসী আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি।’
‘রেহানা মরিয়ম নূর আমাদের বোন’ উল্লেখ করে ডাকসু ভিপি বলেন, আওয়ামী লীগ যদি মনে করে এ ধরনের বিচ্ছিন্ন সন্ত্রাসী হামলা করে জুলাইয়ে ছাত্র–জনতার পক্ষে অবস্থান নেওয়া মানুষের মনোবল নষ্ট করে দিতে পারবে, তাহলে তারা ‘কল্পনার স্বর্গে বসবাস করছে’। এর বাইরেও, যেসব ব্যাক্তিবর্গ এই সন্ত্রাসী ও খুনী লীগের সাথে “রিকনসিলিয়েশন”-এর কথা বলে থাকেন আমরা মনে করি তাদের উদ্দেশ্য অসৎ।
গণহত্যাকারী এবং এই পরিচয় নিয়ে গর্ববোধ করা লীগের সাথে রিকনসিলিয়েশনের সকল পথই আসলে বন্ধ হয়ে গেছে। আমি বাংলাদেশ সরকারকে জুলাইয়ে যেসব আর্টিস্ট রাজপথে নেমেছিলেন অথবা মৌন সমর্থন দিয়েছিলেন তাদের নিরাপত্তার দিকে নজর দেয়ার আহবান জানাচ্ছি। একইসাথে, ভেনিসে সন্ত্রাসী আক্রমণ করা সকল লীগারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করছি।

ডেস্ক রিপোর্ট 
























