কারাগারে বাবা, তিন অবুঝ সন্তানকে রেখে উধাও মা
ঢাকার কেরানীগঞ্জে বাবা কারাগারে থাকা অবস্থায় তিন অবুঝ শিশু সন্তানকে রেখে গর্ভধারিণী মা উধাও হয়েছেন। এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে মডেল থানার মুক্তিরবাগ এলাকায়। কালিন্দী ইউনিয়ন পরিষদের চৌকিদার সাদ্দাম হোসেন শিশু তিনটিকে উদ্ধার করে বিকালে মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। তিন অবুঝ শিশুরা হচ্ছে- আলিবা (৮), ইভা (৫) ও মুনিয়া (৩ মাস)।
সাদ্দাম হোসেন জানান, ইউনিয়ন পরিষদের ডিউটি শেষ করে বিকাল তিনটায় তিনি মুক্তিরবাগ এলাকা দিয়ে নিজ বাসায় ফিরছিলেন। এ সময় তিনি দেখতে পারেন তিন মাসের অবুঝ শিশু সন্তানটিকে কোলে নিয়ে দুই বোন রাস্তায় দাঁড়িয়ে কান্না করছিলো। তিনি ওই শিশু তিনটিকে উদ্ধার করে স্থানীয় লোকজনের সহায়তায় মডেল থানায় নিয়ে আসেন। তিনি আরো জানান, কয়েকদিন আগে ওই শিশুটির মা জান্নাত বেগম মুক্তিরবাগ এলাকায় জৈনক তোরাব আলীর বাড়িতে ভাড়া আসে। দুই শিশুর বরাত দিয়ে তিনি আরো জানান, তাদের বাবার নাম ইমরান হোসেন। তিনি এখন কাশিমপুর কারাগারে অন্তরীন আছে। পাষণ্ড মা তিন দিন আগেই শিশু তিনটিকে ফেলে উধাও হয়ে গেছে। তিন দিন যাবত তিন শিশুই না খেয়ে আছে।
এদিকে শিশু তিনটিকে থানায় নিয়ে গেলে তাদের এক নজর দেখার জন্য অনেক লোক ভিড় জমায়। অনেকেই তিন মাসের শিশুকে দত্তক নেওয়ার জন্য আশা প্রকাশ করেছে। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ রুহুল কদ্দুস জানান, দুইটি শিশুকে সমাজ সেবা অফিসে হস্তান্তর করার ব্যবস্থা করা হচ্ছে এবং তিন মাসের শিশুটিকে সাময়িকভাবে কাউকে দত্তক দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট 


















