গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে নিরাপদে সড়ক পারাপারের জন্য এলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
রোববার দুপুরে মাদ্রাসার প্রধান ফটকের সামনে ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শনিবার সন্ধ্যায় নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আলী গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হন। এ ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে ইয়াসিনের মৃত্যুর প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে তারা মহাসড়ক অবরোধ করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, গাজীপুরা বাসস্ট্যান্ড ও মাদ্রাসার সামনের অংশটি ব্যস্ততম সড়ক হলেও পথচারী ও শিক্ষার্থীদের নিরাপদে পারাপারের পর্যাপ্ত ব্যবস্থা নেই। দ্রুতগতিতে যানবাহন চলাচলের কারণে এ এলাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।
তাই দ্রুত একটি ফুট ওভারব্রিজ নির্মাণের পাশাপাশি যানবাহনের গতি নিয়ন্ত্রণে স্পিডব্রেকার বা কার্যকর গতিরোধক নির্মাণের দাবি জানিয়েছেন তারা। দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান শিক্ষার্থীরা।
এদিকে শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। সড়কের উভয় পাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। এতে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকদের দুর্ভোগে পড়তে হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) আশরাফুল ইসলাম জানান, ফুট ওভারব্রিজ নির্মাণসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছে পুলিশ।

