হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করতে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারযোগে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী। এ সময় সেখানে উপস্থিত সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
পরে সড়কপথে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় পৌঁছান তিনি। সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ সময় হেফাজতের শীর্ষ নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।
বাবুনগরীতে কর্মসূচি শেষে হাটহাজারীতে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি।
এর আগে সকালে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা অনুষ্ঠানে অংশ নেন তিনি।

ডেস্ক রিপোর্ট 























