রাজশাহীর বাঘায় দশম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সামাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করে পুলিশ পাহারায় বিদ্যালয় ছাড়েন ওই শিক্ষক।
আজ রোববার উপজেলার মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় পুলিশ।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সামাদ দীর্ঘদিন ধরে দশম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ ওঠে। ওই ছাত্রী এতে রাজি না হয়ে বিষয়টি সহপাঠীদের জানায়।
পরে সহপাঠীরা বিষয়টি বিদ্যালয়ের কয়েকজন শিক্ষককে অবহিত করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।
এরপর শিক্ষার্থীরা একত্র হয়ে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষকেরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিদ্যালয় এলাকায় উত্তেজনা বিরাজ করে।
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সামাদ বিদ্যালয়ের সভাপতি বরাবর হাতে লেখা পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি লেখেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে পদত্যাগ করলাম।’
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, ‘রাত ৮টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সেখান থেকে সরিয়ে নেয়। পরে তাঁকে পুলিশি পাহারায় আমোদপুর গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।’

ডেস্ক রিপোর্ট 


















