আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা আজ কলি হয়ে আছি, ইনশাল্লাহ যদি আপনারা আমাদের সাথে থাকেন, আমরা একদিন ফুটবই।”
রবিবার (৯ নভেম্বর) রাতে এনসিপির অফিসিয়াল পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, দলের নির্বাচনী প্রতীক ‘শাপলাকলি’ বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি ও নদীময় সভ্যতার প্রতিচ্ছবি। এটি শুভ্রতা, পবিত্রতা ও নতুন সূচনার প্রতীক বলেও উল্লেখ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “রাজনীতি কোনো ভয়ের বিষয় নয়, বরং রাজনীতি নির্ধারণ করে আপনার জীবনধারা, রাষ্ট্রের দিকনির্দেশনা ও সমাজের ভবিষ্যৎ। আমরা চাই সাধারণ মানুষের রাজনীতি—যে রাজনীতি থাকবে না টাকাওয়ালা লুটেরা বা চাঁদাবাজদের হাতে, বরং হবে জনগণের জন্য।”
তিনি আরও বলেন, “৫ আগস্ট আমরা সংসদ ভবনকে জনগণের দখলে ফিরিয়ে নিয়েছিলাম। কারণ জনগণের প্রতিনিধিরা সেখানে ছিল না, ছিল কেবল দলীয় স্বার্থ। এবার আমরা চাই সেই সংসদই হোক একটি সংস্কার পরিষদ সভা, যেখানে দেশের প্রকৃত পরিবর্তনের সূচনা হবে।”
নাহিদ ইসলাম জানান, এনসিপি গত কয়েক মাস ধরে ঐকমত্য কমিশনের মাধ্যমে দেশের সংস্কার প্রক্রিয়া ও বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছে। আসন্ন নির্বাচন তাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নির্বাচন হতে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ডেস্ক রিপোর্ট 



















