জর্ডানের আজরাক সামরিক ঘাঁটি লক্ষ্য করে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
বাহিনীটির দাবি, ঘাঁটিটিতে থাকা যুক্তরাষ্ট্রের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে জর্ডান জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া আটটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, হামলার লক্ষ্য ছিল সেখানে থাকা যুক্তরাষ্ট্রের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার।
যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যে থাকা দেশটির সামরিক ঘাঁটিগুলোতে আরও কঠোর হামলার বিষয়ে সতর্ক করে আইআরজিসি বিবৃতিতে বলেছে, ‘সন্ত্রাসী মার্কিন বাহিনী যদি আবারও আগ্রাসন চালায়, তবে অঞ্চলে থাকা অন্যান্য মার্কিন ঘাঁটিও আমাদের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা থেকে নিরাপদ থাকবে না।’
এর আগে বুধবার (৮ জুলাই) রাতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।
মার্কিন বাহিনীর ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে ইরানের সামরিক অবকাঠামো, উপকূলীয় প্রতিরক্ষাব্যবস্থা, ক্ষেপণাস্ত্র অবস্থান এবং সামরিক লজিস্টিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে অভিযান চালানো হয়।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, মার্কিন বাহিনী গোলেস্তান প্রদেশের আককালা শহরের বাইরে অবস্থিত আক তেকেহ খান সেতুতে সাতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামলায় সেতুর আশপাশের একটি রেলপথে অন্তত দুটি বিস্ফোরণ ঘটে। তবে হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
মার্কিন বিমান হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হামলার তথ্য নিশ্চিত করে।

ডেস্ক রিপোর্ট 


















