এবার দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে না জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, যেকোনো দলের বৈধ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বৈঠক শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, দলীয়ভাবে নির্বাচন হবে না। তবে উপজেলা পর্যায়ে দল থেকে প্রার্থীকে সমর্থন দেয়া হবে।
ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ প্রসঙ্গে শাহে আলম বলেন, উন্নয়ন সহযোগী হিসেবে অতীতের মতো ভবিষ্যতেও যুক্তরাজ্য বাংলাদেশকে সহযোগিতা করবে। বিশেষ করে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে যুক্তরাজ্য সহযোগিতা করতে আগ্রহী বলে জানান তিনি।
ব্রিটিশ হাই কমিশনার বলেন, ‘জাতীয় নগর উন্নয়ন নীতি’ প্রণয়ন করতে—যুক্তরাজ্য ১০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি বিনিয়োগ করেছে। দীর্ঘদিনের অংশীদারিত্ব থেকে অর্জিত শিক্ষা নিয়ে ভবিষ্যতে কীভাবে একসাথে কাজ করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















