গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কান্দি ইউনিয়ন শাখার সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. আবুল কালাম শেখ। শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আবুল কালাম শেখ জানান, প্রায় এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে তাঁকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তিন মাস আগেই তিনি দায়িত্ব পালন করতে অপারগতার কথা সংশ্লিষ্ট দায়িত্বশীলদের জানিয়েছিলেন এবং পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, এলাকার সাধারণ মানুষ বিষয়টি না জানায় গণমাধ্যমের মাধ্যমে নিজের পদত্যাগের বিষয়টি প্রকাশ্যে আনছেন। আজ থেকে তিনি কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্বে থাকছেন না।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে আবুল কালাম শেখ আরও বলেন, তাঁর ওপর কোনো ধরনের চাপ বা ভয়ভীতি নেই। সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্তেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। এই দায়িত্বে থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করা তাঁর পক্ষে সম্ভব নয় বলেও জানান তিনি।

নিজের সিদ্ধান্তেই সভাপতির দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন আবুল কালাম শেখ। তাঁর এই পদত্যাগের মধ্য দিয়ে কোটালীপাড়া জামায়াতের স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।