কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন আর ডর (ভয়) দেখানোর মতো জায়গা নেই। বাংলাদেশ সরকার এখন কাঁটাতার ভয় পায় না। হাসিনা সরকারের আমলে সীমান্তে যেভাবে হত্যাকাণ্ড হয়েছে এবং সেই সরকার বসে বসে দেখেছে, এ সরকারের আমলে তা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের নির্মাণে বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি বরাদ্দ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির এসব কথা বলেছেন।সরকারী সংবাদ
সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ প্রতিক্রিয়া জানান তিনি।
আওয়ামী আমলে সীমান্তে অবলীলায় হত্যাকাণ্ড চালানো হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, বর্তমানে এমন ঘটনা সরকার বসে বসে দেখবে না।
পশ্চিমবঙ্গের নতুন সরকারকে সময় দেয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের অভ্যন্তরীণ নির্বাচনকালীন রেটরিক এবং নতুন সরকারের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন হতে পারে। এক্ষেত্রে বাংলাদেশ নতুন রাজ্য সরকারকে সময় দিবে।
তিস্তা ব্যারেজ এবং তিস্তা চুক্তি বিষয়ে হুমায়ুন কবির বলেন, চায়নার এক্সিম ব্যাংক তিস্তায় অর্থায়নের আগ্রহ দেখিছে। সব কিছু মিলিয়ে প্রধানমন্ত্রী চীন সফরে যাবেন। আর কেন্দ্র এবং পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হওয়ায়, তিস্তা চুক্তির আলোচনা সহজ হতে পারে বলেও আশাবাদ জানান তিনি। প্রধানমন্ত্রীর খবর
এ সময় শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশে কোনো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারবে না বলেও দেশটির সরকার আশ্বাস দিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা।

ডেস্ক রিপোর্ট 



















