নোয়াখালী সদর উপজেলায় অপহরণের পর দুই সহোদর ভাইকে ইয়াবা ট্যাবলেট দিয়ে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার প্রতিবেশী আনোয়ারুল ইসলামের হেলালর বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী দুই সহোদর ভাই হলো, উপজেলার বিনোদপুর ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের ফরেষ্টার সাহেবের বাড়ির শোয়েব হোসেনের ছেলে মো. ইমদাদুল হক ইমন (২২) ও মো. এহসানুল হক দিহান (২০)।
সোমবার (১১ মে)) বেলা তিনটায় নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।সংবাদ বিশ্লেষণ সেবা
ভুক্তভোগী পরিবার জানায়, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে অ্যাম্বুলেন্সযোগে চলতি বছরের রমজান মাসে গত ২৬ ফেব্রুয়ারী দুপুরে উপজেলার পূর্ব বদরীপুর ডিএসপি জামে মসজিদের সামনে থেকে ইমদাদুল হক ইমন ও এহসানুল হক দিহান নামের দুই ভাইকে অপহরণ করে প্রতিবেশী হেলালের নেতৃত্বে একদল লোক। পরে দুই ভাইয়ের অভিভাবক বিষয়টি জানতে পেরে দ্রুত ওই মসজিদের সামনে যায় এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। সিসিটিভির ফুটেজের কথা জানতে পেরে নির্যাতন করে দুই ভাইয়ের প্যান্টের পকেটে ইয়াবা ট্যাবলেট রেখে মাদক ব্যবসার সঙ্গে জড়িত দেখিয়ে পুলিশে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ পরিবারের।
ভুক্তভোগী পরিবার দ্রুত জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করলে পুলিশ নোয়াখালী পৌরসভার সোনাপুর কাঠপট্টি এলাকা থেকে তাদের উদ্ধার করে সুধারাম মডেল থানা পুলিশ। পরে অপহরণের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে মাদক ব্যবসার কোনো সংশ্লিষ্টতা না পেয়ে পরিবারের কাছে দুই ভাইকে হস্তান্তর করে পুলিশ।
ভুক্তভোগীদের পরিবার দাবি করেছে, প্রতিপক্ষ প্রতিবেশী হেলাল সম্পত্তি দখল ও আধিপত্য বিস্তারের জন্য দীর্ঘদিন ধরে তাদের হয়রানি করে আসছিল। সর্বশেষ পরিকল্পিতভাবে অপহরণ করে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়। তার এঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।
এদিকে এ ঘটনায় জড়িত আনোয়ারুল ইসলাম হেলাল (৩৫), মো. আবদুল্যাহ প্রকাশ রোমান, মো. সুনাম (৩৫), মো. শাওন ড্রাইভার (৩০), মো. সাদ্দাম হোসেন (১৮) ও মো. মেহেদী সহ অজ্ঞাত আরো ৫/৬ জনের নাম উল্লেখ করে ভুক্তভোগীদের পিতা শোয়েব হোসেন বাদী হয়ে গত ৩ মার্চ সুধারাম মডেল থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন। মামলা দায়ের করার আড়াই মাস পার হলেও আসামীদের ধরতে গড়িমসি করছে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে মামলা তদন্তকারী পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কাউসার জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনা পর্যালোচনা করে অপহরণের মামলা নেওয়া হয়েছে এবং জড়িত আসামীদের ধরার চেষ্টা চলছে।
সুধারাম মডেল থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি বিশ্লেষণ করে মাদকের সংশ্লিষ্টতা না পাওয়ায় দুই ভাইকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়। অপহরণ মামলার আসামীদের ধরকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

