জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরসহ দেশের বিভিন্ন জাদুঘর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি জানান, স্কুলের ওপরের শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহের একটি দিন নির্ধারণের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ওই দিন জাদুঘরে প্রবেশের জন্য কোনো টিকিট লাগবে না।
শুধু সরকারি স্কুল নয়, পর্যায়ক্রমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।
একইভাবে রাজধানীর জাতীয় জাদুঘরসহ ঢাকার বাইরে বিভিন্ন জাদুঘরেও শিক্ষার্থীদের পরিদর্শনের ব্যবস্থা করা হবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন জাদুঘরের পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয়ের অধীনে থাকা জাদুঘরগুলোও এ কার্যক্রমের আওতায় আসবে।
উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে সরাসরি জানার সুযোগ করে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর উদ্বোধনের পর দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কথাও তুলে ধরেন তিনি। শুরুতে অতিরিক্ত ভিড়ে সাময়িক ব্যবস্থাপনা সমস্যা হলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানান উপদেষ্টা।
সরকারের প্রত্যাশা, শিক্ষার্থীদের জন্য জাদুঘরগুলো উন্মুক্ত করার এই উদ্যোগ তাদের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করবে এবং জাদুঘরমুখী করে তুলবে।

ডেস্ক রিপোর্ট 




















