প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিএনপির নেতা–কর্মীদের কর্মসূচির পাশাপাশি তার সফরের বিরোধিতায় সরব দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে জ্যাকসন হাইটসে পাশাপাশি অবস্থান নিয়ে দুপক্ষ পাল্টাপাল্টি স্লোগান ও বক্তব্য দিতে থাকলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
তখন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলের আশপাশে নিউইয়র্ক পুলিশের সদস্যরা অবস্থান নেয়। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে জন্য পুলিশকে সতর্ক অবস্থায় দেখা গেছে। জ্যাকসন হাইটসে পাল্টাপাল্টি বিক্ষোভ যখন চলছিল, তখন প্রধানমন্ত্রী তারেক রহমান ছিলেন যুক্তরাষ্ট্রের পথে। বাংলাদেশ সময় সোমবার ভোরে তিনি ঢাকা থেকে রওনা হন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে তার এ সফর। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে তিনি ভাষণ দেবেন। জাতিসংঘে এটাই হবে তারেক রহমানের প্রধান ভাষণ। এর আগে তার বাবা জিয়াউর রহমান এবং মা খালেদ জিয়া রাষ্ট্র ও সরকার প্রধান হিসেবে জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন।
তারেক রহমানের নিউইয়র্ক সফরকে ঘিরে এরই মধ্যে বাংলাদেশি কমিউনিটিতে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। জ্যাকসন হাইটসসহ নিউইয়র্কের বিভিন্ন এলাকায় চলছে সভা, সমাবেশ ও স্বাগত কর্মসূচি। জাতিসংঘের অধিবেশনকে সামনে রেখে নিউইয়র্কে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের আগমন শুরু হয়েছে। এর মধ্যেই বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক বিভাজনও দৃশ্যমান হয়ে উঠেছে জ্যাকসন হাইটসে।

ডেস্ক রিপোর্ট 





















