জুলাই গণঅভ্যুত্থানকালে রাজধানীতে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেফতার ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ও বরখাস্তকৃত লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছেরের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি খায়রুল আলম ও বিচারপতি রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদেশের বিষয়টি নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদুল আলম দোহা জানান, হাইকোর্টের দেয়া এই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে আপিল বিভাগে আবেদন করার জন্য ইতোমধ্যে নোট দেয়া হয়েছে।
মামলা ও ঘটনা সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ গভীর রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুরে গুলিতে এক ব্যক্তি নিহতের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
উল্লেখ্য, আফজাল নাছেরের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মজিরখিল এলাকায়। তিনি ১৯৮৪ সালের ৪ জুলাই বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন এবং ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইতে দায়িত্ব পালন করেন।

ডেস্ক রিপোর্ট 


















