সব পিতাই চান সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধ বাবাকে নিজের ছেলের হাতে প্রাণ হারাতে হয়েছে। ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নিহত ৮২ বছর বয়সী জাফর কমরুদ্দিন সৈয়দ প্যাটেল মহারাষ্ট্রের পানিসম্পদ বিভাগে কর্মরত ছিলেন। অবসরের পর তিনি পরিবারের সঙ্গে শান্তিপূর্ণ জীবন কাটানোর আশা করেছিলেন। তবে অভিযোগ অনুযায়ী, তার ছেলে আব্দুল রেহমান আব্দুল জাফর দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতেন এবং বিভিন্ন বিষয়ে বিরোধে জড়াতেন।
পরিস্থিতি অসহনীয় হয়ে উঠলে সৈয়দ প্যাটেল পুনেতে তার মেয়ের বাসায় চলে যান। একই সঙ্গে নিজের নামে থাকা বাড়ি থেকে ছেলেকে উচ্ছেদের জন্য আদালতের দ্বারস্থ হন। প্রায় দুই বছর ধরে চলা আইনি লড়াই শেষে আদালত তার পক্ষে রায় দেন।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আদালতের রায় পাওয়ার পর মেয়েকে সঙ্গে নিয়ে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন সৈয়দ প্যাটেল। পথে তাদের গতিরোধ করে আব্দুল জাফর। একপর্যায়ে তিনি বাবার ওপর ছুরি নিয়ে হামলা চালান। বাবাকে রক্ষা করতে গেলে হামলার শিকার হন তার বোনও।
গুরুতর আহত অবস্থায় সৈয়দ প্যাটেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আহত মেয়েও চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আব্দুল জাফরকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পেছনে সম্পত্তি-সংক্রান্ত বিরোধই মূল কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ডেস্ক রিপোর্ট 
























