ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছরের কন্যাসন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন লাকী আক্তার। শিশুটির বাবা সাইদুল ইসলামের করা হত্যাচেষ্টা মামলায় শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার রাতে নলছিটি শহরের থানারপুল ফেরিঘাট এলাকায় ফেরির ওপর থেকে মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দেন লাকী। স্থানীয়দের দ্রুত তৎপরতায় মা ও শিশুকে জীবিত উদ্ধার করা হয়।
মামলার বাদী সাইদুল ইসলামের অভিযোগ, বিবাহবিচ্ছেদের পরও লাকী ইচ্ছাকৃতভাবে তাদের পাঁচ বছরের মেয়েকে হত্যার উদ্দেশ্যে নদীতে ঝাঁপ দেন। তার দাবি, শিশুটি সাঁতার জানত না, তবে লাকী সাঁতার জানতেন। স্থানীয়রা উদ্ধার না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
অন্যদিকে, ঘটনার আগে লাকী আক্তার দাবি করেছিলেন, পারিবারিক নির্যাতন, দাম্পত্য কলহ এবং মেয়েকে হারানোর আশঙ্কা থেকেই অভিমান করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন।
নলছিটি থানার পুলিশ জানিয়েছে, শিশুর বাবার করা মামলায় লাকী আক্তারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

