বন্যার ভয়াবহতা আঘাত হানার আগেই ঝুঁকিপূর্ণ মানুষের পাশে দাঁড়িয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি—ডব্লিউএফপি। বান্দরবানের সদর ও লামা উপজেলার ১৫ হাজার ৬০০-এর বেশি পরিবারকে আগাম নগদ সহায়তা দেওয়া হয়েছে।
ডব্লিউএফপি জানিয়েছে, আবহাওয়ার পূর্বাভাস ও বন্যার ঝুঁকি বিশ্লেষণের ভিত্তিতে মোবাইল আর্থিক সেবার মাধ্যমে প্রতিটি পরিবারকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারের দুর্যোগ-সংবেদনশীল সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকেও অতিরিক্ত জরুরি সহায়তা দেওয়া হয়েছে।
বলিপাড়া নারী কল্যাণ সমিতির সহযোগিতায় বাস্তবায়িত এই উদ্যোগের মাধ্যমে প্রায় ৭৫ হাজার মানুষ উপকৃত হয়েছেন।
ডব্লিউএফপির বাংলাদেশ প্রতিনিধি কোকো উশিয়ামা বলেছেন, জলবায়ুজনিত দুর্যোগের ঘনত্ব ও তীব্রতা বাড়ায় দুর্যোগের আগেই সহায়তা পৌঁছে দেওয়া এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে পরিবারগুলো খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জীবিকা ও সম্পদ রক্ষার সুযোগ পায়।
উল্লেখ্য, টানা ভারী বৃষ্টিতে বর্তমানে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, ফলে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে।

