বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যখন জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার গঠনের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে, তখন কিছু রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তিনি বলেন, ‘দুর্বল সরকারকে কোনও হুমকি-ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হোন।’
বুধবার (১২ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান আরও বলেন, দেশের অর্থনীতি দিন দিন নাজুক হয়ে পড়ছে। অর্থনীতির চাকা সচল করতে হলে জনগণের সমর্থনে গঠিত একটি নির্বাচিত সরকারের বিকল্প নেই।
তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল নানা শর্ত আরোপ করে নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে। এর মাধ্যমে তারা রাষ্ট্রীয় সুযোগ গ্রহণ এবং পতিত পলাতকদের পুনর্বাসনের সুযোগ তৈরি করছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, “পলাতক স্বৈরাচাররা, ফ্যাসিবাদবিরোধী দলের ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা তা এখন দেখার সময় এসেছে।” তিনি সতর্ক করে বলেন, “গণভোটের আড়ালে পতিত স্বৈরাচারদের রাষ্ট্র ও সমাজে পুনর্বাসনের সুযোগ দেওয়া হচ্ছে কিনা—সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে যে সংকট তৈরি হয়েছে, তা সম্পূর্ণ অপ্রয়োজনীয়। তিনি অভিযোগ করে বলেন, “গণতন্ত্রের উত্তরণের পথ রুদ্ধ করে জনগণের ভবিষ্যৎ অনিশ্চিত করতেই এই সংকট সৃষ্টি করা হয়েছে।”

ডেস্ক রিপোর্ট 





















