সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফরুক আহমেদ কর্তৃক সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ডাস্টার দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার সময় ক্লাসরুমের সিসিটিভি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকাল ৩টার দিকে প্রধান শিক্ষক ক্লাসে পড়ানোর সময় ১৪ বছর বয়সী ছাত্রী সাইদা বেগমকে ডাস্টার দিয়ে মারধর করেন। পরে তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়।
সাইদা বেগমের পিতা মুজিবুর রহমান, যিনি পাটলী ইউনিয়নের নন্দিরগাঁও পূর্বপাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় অটোচালক। সাইদা বর্তমানে কেশবপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
ঘটনার পর সহপাঠী ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। অভিভাবক ও স্থানীয় সচেতন মহল দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত শিক্ষক ফরুক আহমেদের শাস্তির দাবি করেছেন।
অভিযুক্ত শিক্ষক স্কুলে না থাকায় স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফয়জুর রহমান জোয়ারদার পলাশ বলেন, “এটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। তবে ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না।”
জগন্নাথপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব।”

ডেস্ক রিপোর্ট 
























