শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া, জ্বালানি সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তার প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে। প্রতিযোগিতায় পিছিয়ে পড়ায় জারা, এইচঅ্যান্ডএমসহ বিশ্বের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে তাদের বিপুল পরিমাণ ক্রয়াদেশ এশিয়ার অন্যান্য দেশে সরিয়ে নিচ্ছে। এতে দেশের প্রধান রপ্তানি খাতের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলার বা ২৫৪ মিলিয়ন ডলারের পোশাক ক্রয়াদেশ সরিয়ে নিয়েছেন আন্তর্জাতিক ক্রেতারা। তিনজন কারখানা মালিকের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সরিয়ে নেওয়া ক্রয়াদেশের বড় অংশই পেয়েছে প্রতিবেশী দেশ ভারত। এ ছাড়া ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াতেও যাচ্ছে কিছু ক্রয়াদেশ।
শিল্পসংশ্লিষ্টদের মতে, শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হওয়া, মজুরি বৃদ্ধি, গ্যাস-বিদ্যুতের সংকট এবং কাঁচামালের উচ্চমূল্য বাংলাদেশের উৎপাদন ব্যয় বাড়িয়ে দিয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে একসময় যে স্বল্প উৎপাদন ব্যয় ছিল বাংলাদেশের অন্যতম বড় প্রতিযোগিতামূলক সুবিধা, তা ক্রমেই সংকুচিত হচ্ছে।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্য অনুযায়ী, চলমান শ্রমিক বিক্ষোভের কারণে এ পর্যন্ত খাতটিতে ৪০ কোটি ডলারের বেশি উৎপাদন ক্ষতি হয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থানও এই শিল্পের ওপর নির্ভরশীল।
এদিকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তের পরও অসন্তোষ পুরোপুরি কাটেনি। শ্রমিকদের দাবির তুলনায় এই বৃদ্ধি অপর্যাপ্ত বলে মনে করছেন শ্রমিক সংগঠনগুলো। যদিও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তরফদার মজুরি বৃদ্ধিকে সন্তোষজনক উল্লেখ করে শ্রমিকদের কাজে ফেরার আশা প্রকাশ করেছেন।
কারখানা মালিকদের দাবি, নতুন করে উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সম্পর্কেও চাপ তৈরি হচ্ছে। জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সার, সেলিওসহ বিভিন্ন ব্র্যান্ডের ক্রয়াদেশ অন্য দেশে স্থানান্তরের বিষয়টি তাদের উদ্বেগ বাড়িয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে রয়টার্সকে কোনো মন্তব্য দেওয়া হয়নি।
বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল হওয়ার আরেকটি বড় কারণ হিসেবে উঠে এসেছে পণ্য সরবরাহে দীর্ঘ সময় লাগার বিষয়টি। বিজিএমইএ পরিচালক এম মহিউদ্দিন চৌধুরীর তথ্যমতে, ভারতে বাংলাদেশের তুলনায় প্রায় এক সপ্তাহ কম সময়ে এবং ভিয়েতনাম ও কম্বোডিয়ায় প্রায় ১৫ দিন কম সময়ে পণ্য সরবরাহ করা সম্ভব। প্রতিযোগী দেশগুলো যেখানে সাধারণত ৬০ থেকে ৯০ দিনে উৎপাদন ও সরবরাহ সম্পন্ন করে, সেখানে বাংলাদেশে সময় লাগে প্রায় ১২০ দিন।
অন্যদিকে, চলমান অস্থিরতায় ঢাকার আশপাশের কারখানাগুলো আনুমানিক ২০ থেকে ২৫ কর্মদিবস হারিয়েছে। নির্ধারিত সময়ে পণ্য পাঠাতে অনেক কারখানাকে অতিরিক্ত সময় কাজ করানো কিংবা ব্যয়বহুল আকাশপথে পণ্য পরিবহনের মতো বিকল্প ভাবতে হচ্ছে। এতে উৎপাদন খরচ আরও বাড়ছে।
এ পরিস্থিতির প্রভাব পড়েছে ভারতের শেয়ারবাজারেও। রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর দেশটির কয়েকটি বস্ত্র ও পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। এর মধ্যে গোকলদাস এক্সপোর্টসের শেয়ার সর্বোচ্চ ১১ শতাংশ এবং ট্রাইডেন্টের শেয়ার প্রায় ৫ শতাংশ বেড়েছে।
শিল্পনেতাদের আশঙ্কা, সাময়িকভাবে অন্য দেশে সরিয়ে নেওয়া ক্রয়াদেশ ভবিষ্যতে স্থায়ীভাবে স্থানান্তরিত হতে পারে। এতে শুধু বর্তমান অর্ডার নয়, দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থানও ঝুঁকিতে পড়বে।
বিশেষজ্ঞ ও শিল্পসংশ্লিষ্টদের মতে, এই সংকট মোকাবিলায় শ্রমিক অসন্তোষ নিরসন, রাজনৈতিক স্থিতিশীলতা, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং উৎপাদন ও পণ্য সরবরাহের সময় কমিয়ে আনা জরুরি। কারণ আন্তর্জাতিক ক্রেতাদের হাতে এখন বাংলাদেশের বিকল্প রয়েছে। সময়মতো পরিস্থিতির উন্নতি না হলে দেশের তৈরি পোশাকশিল্পকে আরও বড় প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে।

