চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বাসভবনে থাকা সাতজনকে আটক করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে নগরের ২ নম্বর গেটের চশমা হিল এলাকায় এ অভিযান পরিচালনা করে পাঁচলাইশ থানা পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিতে যোগ দিতে কয়েকজন সেখানে জড়ো হচ্ছেন—এমন একটি ফেসবুক পোস্টের সূত্র ধরে অভিযান চালানো হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন, “আমরা ফেসবুকে একটি পোস্ট পাই, যেখানে উল্লেখ ছিল ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে কয়েকজন এখানে জড়ো হচ্ছেন। তথ্য ছিল, তাদের জন্য বাইরে থেকে খাবারও আসছে। তবে আমরা সে ধরনের কিছু পাইনি। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।”
প্রসঙ্গত, মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে।

ডেস্ক রিপোর্ট 

























