২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন আসামির বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ নির্ধারণের জন্য আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার এর নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের দিন ঠিক করবেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলার আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখনো পলাতক। কারাগারে আটক সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ইতিমধ্যে রাজসাক্ষী হয়েছেন।
রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে পাঁচ দিন ও আসামিপক্ষ থেকে তিন দিন ধরে যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২৩ অক্টোবর শুনানি শেষ হয়। এরপর ট্রাইব্যুনাল রায়ের তারিখ ঘোষণার জন্য ১৩ নভেম্বর দিন ধার্য করে।
প্রসিকিউশন পক্ষ আসামিদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগে সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের খালাস চেয়েছেন।
রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামিম। এ সময় প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ, শাইখ মাহদি ও আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন এবং রাজসাক্ষীর পক্ষে জায়েদ বিন আমজাদ শুনানি করেন।
চূড়ান্ত যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আসামিপক্ষের যুক্তির জবাব দেন। একইসঙ্গে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ন্যায়বিচারের স্বার্থে আসামিদের সর্বোচ্চ শাস্তির আবেদন করেন।

ডেস্ক রিপোর্ট 

























