কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও চর রাজীবপুর) আসনে এক অভূতপূর্ব নির্বাচনি লড়াই প্রত্যক্ষ করল দেশবাসী। একই পরিবারের দুই সহোদরের লড়াইয়ে বড় ভাইকে পরাজিত করে বিজয়ী হয়েছেন ছোট ভাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও বড় ভাই বিএনপি প্রার্থী আজিজুর রহমানকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ নির্বাচনের এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮ হাজার ২১০ ভোট পেয়েছেন। মোস্তাফিজুরের নিকটতম প্রতিদ্বন্দ্বী ও তার বড় ভাই বিএনপির প্রার্থী আজিজুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৪২৩ ভোট। তাদের মধ্যে মোট ভোটের ব্যবধান ২৩ হাজার ৭৮৭টি।
ফলাফল ঘোষণার পর শুক্রবার সকালে মোস্তাফিজুর রহমান বলেন, রাজনীতির মাঠে তার বড় ভাই গুরুজন। তাকে সঙ্গে নিয়েই এলাকার উন্নয়ন পরিকল্পনা করতে চান। এ জয়-পরাজয় যেন পারিবারিক সম্পর্কে কোনও প্রভাব না ফেলে- এ জন্য তিনি সবার দোয়া কামনা করেন।
ফলাফল ঘোষণার পর মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘এখন আমি সবার প্রতিনিধি হয়ে সেবা করতে চাই। দল–মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করব। আমার বড় ভাই রাজনৈতিকভাবে অভিজ্ঞ। একসময় আমি তার হাত ধরেই রাজনীতি শুরু করেছিলাম।’
কুড়িগ্রাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক বেসরকারিভাবে জামায়াত প্রার্থীর জয়ের বিষয়টি নিশ্চিত করেন।
কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও চর রাজীবপুর) আসনে মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৭৫৩ জন। পোস্টাল ব্যালটে বৈধ ভোট পড়েছে ২ হাজার ৮৪৫টি। ভোটের হার ছিল ৬২ দশমিক ৩৪ শতাংশ।

