সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারের দানবাক্স ও ডেগে জমা হওয়া টাকা আবারও গণনা করা হবে। আগামী শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে প্রকাশ্যে শুরু হবে তৃতীয় দফার এই গণনা কার্যক্রম।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গণনার পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে মাজার কর্তৃপক্ষ ও প্রশাসনের সমন্বয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রায় ৭০০ বছরের পুরোনো প্রথা ভেঙে গত ২২ জুন প্রথমবারের মতো মাজারের দানবাক্স ও ডেগ খুলে টাকা গণনা করা হয়। তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের উপস্থিতিতে ওই গণনায় পাওয়া যায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা।
এরপর গত ১১ জুলাই দ্বিতীয় দফায় গণনা করা হলে দানবাক্স ও ডেগ থেকে পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা।
দ্বিতীয় দফার এক মাস তিন দিন পর এবার শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় দফার গণনা। সংশ্লিষ্টদের ধারণা, এবার আগের দুই দফার তুলনায় দানবাক্স ও ডেগে জমা অর্থের পরিমাণ আরও বেশি হতে পারে।
প্রকাশ্যে গণনার মাধ্যমে অর্থের পরিমাণ নির্ধারণের পাশাপাশি পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্ব দিচ্ছে প্রশাসন ও মাজার কর্তৃপক্ষ।

ডেস্ক রিপোর্ট 






















