অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন এখন থেকে মাঠপর্যায়ের কর্মকর্তারাই নিষ্পত্তি করতে পারবেন। এ বিষয়ে বৃহস্পতিবার একটি পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন।
পরিপত্রে বলা হয়েছে, অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদের বিপরীতে জন্মতারিখ সংশোধনের আবেদন নিষ্পত্তির ক্ষমতা মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া হয়েছে।
তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুযায়ী জন্মতারিখ সংশোধন এবং নিজের ও বাবা-মায়ের নাম সম্পূর্ণ পরিবর্তনের আবেদন নিষ্পত্তি করবেন জাতীয় পরিচয়পত্রের মহাপরিচালক (এনআইডি ডিজি)।
এ ছাড়া জন্মতারিখ, নিজের নাম কিংবা বাবা-মায়ের নাম সম্পূর্ণ পরিবর্তন করে একবার সংশোধন করা হলে একই তথ্য দ্বিতীয়বার সংশোধনের সুযোগ থাকবে না।
নতুন এই নির্দেশনার মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।

